জীবননগর অফিস
জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা এলাকায় হেনা কনজুমার প্রোডাক্ট কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ও মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী তৈরী ও বাজারজাত করার অভিযোগে মাসুদ রানা নামের এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, র্যাবের গোপন সংবাদের মাধ্যমে আমরা জানিতে পারি এখানে অবৈধভাবে টয়লেট্রিজ সামগ্রী যেমন হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট, টায়ারজেল ইত্যাদি তৈরি ও বাজারজাত করা হচ্ছে। আমরা সরজমিনে এসে সত্যতা নিশ্চিত করতে পারি। এখানকার মালিক স্থানীয় কাগজপত্র দেখাতে পারেনি। তারা বাইরের কাগজপত্র নিয়ে অবৈধভাবে এগুলো তৈরি করছে। এ কারনে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মো: মাসুদ রানার প্রতিষ্ঠান হেনা কনজুমার প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া অতি দ্রুত ফ্যাক্টরীর প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও র্যাব-১২ এর একটি টিম।
জীবননগর পেয়ারতলায় ভোক্তা অধিকার ও র্যাবের যৌথ অভিযান অবৈধভাবে টয়লেট্রিজ সামগ্রী তৈরী করায় হেনা কনজুমারকে ১ লাখ টাকা জরিমানা



