আলমডাঙ্গায় গাঁজাসহ যুবক গ্রেফতার, সামারি ট্রায়ালে কারাদণ্ড

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায়  পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে সামারি ট্রায়ালে তাৎক্ষণিক বিচারে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ব্রিজ থেকে সাদা ব্রিজগামী সড়কে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় জিয়ারুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ (চার) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক জিয়ারুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত হাকিম আলীর ছেলে। গতকাল রবিবার গ্রেফতারকৃত জিয়ারুল ইসলামকে চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালতে হাজির করা হলে আদালত তাকে উপরোক্ত রায় দেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।