স্টাফ রিপোর্টার
আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের সঙ্গে ওয়ার্ড পর্যায়ের নেতাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চুয়াডাঙ্গা শহরের সমবায় মার্কেটের তৃতীয় তলায় জেলা জামায়াত কাযালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নির্বাচনকে ঘিরে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পৌর জামায়াতের আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল হক মালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির ফরাজী। প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল হক মালিক বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সৎ নেতৃত্বের মাধ্যমে সমাজের উন্নয়ন সাধনই আমাদের মূল লক্ষ্য। সুশাসন প্রতিষ্ঠা ও একটি সুসংগঠিত সমাজ গড়ে তুলতে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং মানুষের আস্থা অর্জনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও কল্যাণমুখী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলাই তাদের লক্ষ্য।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির ফরাজী বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। তিনি দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় জামায়াত মনোনীত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা নির্বাচনে সফলতার জন্য উপস্থিত নেতা-কর্মীদের কাছে দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
পৌর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পৌর নায়েবে আমির মাহবুব আসিফ ও আনোয়ার হোসেন, জেলা ও পৌর কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরা। পৌর সেক্রেটারি মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম জোরদার করা এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
চুয়াডাঙ্গায় সদর উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জামায়াতের পরিচিতি সভা



