স্টাফ রিপোর্টার
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় জেলা এনসিপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৬টায় জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গায় হাতেগোনা কয়েকজনকে নিয়েই বিক্ষোভ সমাবেশ করায় জেলাজুড়ে শুরু হয়েছে সমালোচনা।
সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আঘাত। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। জেলা এনসিপির সদস্য সচিব আলমগীর হোসেন বলেন, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর যে বর্বর হামলা চালানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। অতীতে দেশের মানুষ যে ধরনের ফ্যাসিবাদী কর্মকাণ্ড দেখেছে, বর্তমান সরকারের আচরণেও আমরা তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই।
সমাবেশে নেতাকর্মীর সংখ্যা তুলনামূলক কম থাকার বিষয়ে জানতে চাইলে আলমগীর হোসেন বলেন, “হবিগঞ্জের মতো ঘটনা যেন দেশের অন্য কোথাও না ঘটে, সেই বার্তা দিতেই আমরা সীমিত পরিসরে এই প্রতিবাদ সমাবেশ করেছি। পরে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে প্রতিবাদ সমাবেশ শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল কাদির রোকন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলী রুশদী মজনু, প্রস্তাবিত সহ-প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর সদস্য সচিব ইয়াছিন আলী, ছাত্রশক্তির জেলা প্রতিনিধি সাকিবুর রহমানসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় হাতেগোনা কয়েকজনকে নিয়েই বিক্ষোভ সমাবেশ



