চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিকে নিয়ে আলিম লস্কর গং-এর অপতৎপরতা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার একমাত্র বেসরকারী বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিকে নিয়ে  আলিম লস্কর গং এর অপতৎপরতা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওলামা দল। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো. শাফি।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আলিম লস্কর ইসলামের পোশাক ও ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল এবং অবৈধ আর্থিক সুবিধা অর্জনের চেষ্টা করছেন। এছাড়া তাবলিগ জামাতের নাম ব্যবহার করে ধর্মপ্রাণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়। বক্তারা আরও বলেন, অতীতে হানুরবাড়াদী এলাকায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির নামে জমি-সংক্রান্ত যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে আলিম লস্কর ও তার সহযোগীরা জড়িত ছিলেন। তাদের দাবি, একটি চক্র বিশ্ববিদ্যালয়টি দখল এবং এর শিক্ষা কার্যক্রম ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের মূল উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করা এবং কোনোভাবেই যেন প্রতিষ্ঠানটি দখলের শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা। তিনি অভিযোগ করেন, আলিম উদ্দিন লস্কর বিশ্ববিদ্যালয়ের সামনে এবং চৌরাস্তা মোড়ে সংবাদ সম্মেলন করে নিজেকে মালিক দাবি করছেন, যা তারা প্রত্যাখ্যান করছেন। তিনি বলেন, দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি বলেন, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চুয়াডাঙ্গার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কোনো মহল যদি এটি দখলের চেষ্টা করে, তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। তাই দ্রুত সংকটের সমাধান করে বিশ্ববিদ্যালয় চালু করা প্রয়োজন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে  আরোও উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মাহাবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, সদর উপজেলা ওলামা দলের সভাপতি মো. রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান সুমন, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো. শাফি, সাধারণ সম্পাদক মো. শাহ কলম, দামুড়হুদা উপজেলা ওলামা দলের সভাপতি মো. আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুসসহ জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা ওলামা দলের নেতাকর্মী ও সমর্থকরা

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।