কোটচাঁদপুরে বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক আহত

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বালুভর্তি একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক গুরুতর আহত হয়েছেন| তবে বাসে থাকা যাত্রীরা অক্ষত থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে| গতকাল শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কোটচাঁদপুর থানার পেছনের আমবাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে|
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাত ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৬৩৭)| পথে কোটচাঁদপুর বাসস্ট্যান্ড থেকে আরও পাঁচজন যাত্রী নিয়ে বাসটি কালীগঞ্জের দিকে রওনা দেয়| আমবাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ড্রাম ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়|
সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ ও সামনের উইন্ডশিল্ড দুমড়ে-মুচড়ে যায়| এতে বাসচালক আশানুর রহমান (৪০) গুরুতর আহত হন| তিনি যশোরের কোতোয়ালি থানার বাসিন্দা|
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য অন্য একটি গাড়িতে পাঠান| এদিকে সংঘর্ষের পর ড্রাম ট্রাকটির চালক গাড়িসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।