আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তিন পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ছয়পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন এলাকা থেকে তিন পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কালিদাসপুর উত্তরাপাড়ার মৃত ছবদুল ইসলামের ছেলে শাহাবুল ইসলাম (২৩) নামে একজনকে গ্রেফতার করা হয়। একই রাতে হাপানিয়া তিন রাস্তার মোড়ে আবু শামার চাউলের মিলের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ছয় পিচ ইয়াবা ট্যাবলেটসহ বড়গাংনী গ্রামের সাবান আলীর ছেলে আল আজিম (২৪) ও শওকত আলীর ছেলে বকুল হোসেন (৪২) এবং উপজেলার আঠারোখাদা গ্রামের আবু তাহেরের ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়ারুল (২৩) নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের গতকাল সোমবার আদালতে হাজির করা হলে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত সামারি ট্রায়ালে শাহাবুল ইসলামকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড এবং অপর তিন আসামিকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত আরও পনের দিনের কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ আরও জানান জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।