সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সরোজগঞ্জ বাজারের লোভা স্টোরে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। এ অপরাধে দোকানের স্বত্বাধিকারী জহুরুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারের বিভিন্ন সবজি ও ফলের দোকান পরিদর্শন করেন। তিনি ব্যবসায়ীদের পণ্যের মান নিশ্চিত করা, মূল্যতালিকা প্রদর্শন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে ব্যবসা পরিচালনার নির্দেশনা ও সতর্কতা প্রদান করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের টু-আইসি অহিদুল ইসলাম এবং ক্যাম্পের অন্যান্য পুলিশ সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।
সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ‘লোভা স্টোর’কে জরিমানা



