স্টাফ রিপোর্টার
যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
সভায় জানানো হয়, আজ বৃহস্পতিবার সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতে জুলাই শহীদ দিবস পালিত হবে। সকাল সাড়ে ৯ টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শহীদ শাহরিয়ার শুভ ও আলমডাঙ্গা উপজেলার শহীদ মাসুদ রানার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। স্মরণ সভায় জুলাই শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। সভায় আরো জানানো হয়, জেলার সকল ধর্মীয় উপাসনালয়ে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুবিধামত সময়ে স্মরণসভার আয়োজন করা হবে।
প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, আমরা দীর্ঘদিন পরাধীন অবস্থায় ছিলাম। একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং ২৪শে জুলাই আন্দোলন আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারে না। জুলাই আন্দোলনের ফলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি। অবিচার অন্যায় মুক্ত হয়ে নতুন করে সমাজ ব্যবস্থা চালু হবে সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। আপনারাও আমাদের সাথে আছেন সবাই সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই আমাদের সহযোগিতা করছেন। আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে অতীতের তিক্ততা আর থাকবে না। আপনাদের সকলকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল সাড়ে দশটায় সাহিত্য মঞ্চ আলোচনা সভায় সবাই উপস্থিত থাকবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহিনুর ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সাহাবুদ্দিন, সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, টিটিসির অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি প্রমুখ।
জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিতআজ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও ডিসি সাহিত্য মঞ্চে স্মরণসভা



