স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে জুলাই মাসের এ সভার আয়োজন করা হয়। এসময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১০ জন পুলিশ সদস্য ও ৫ জন গ্রাম পুলিশকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলামের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্স অংশ নেন।
সভায় পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারসহ পেশাদারিত্ব এবং কাজের মান বিবেচনা করে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১০ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া জেলার পাঁচ থানার শ্রেষ্ঠ ৫ জন গ্রাম পুলিশকে বিশেষ কাজের জন্য নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতি মোঃ মিনহাজ-উল-ইসলাম কৃতী পুলিশ সদস্যদের হাতে এসব পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
এসময় চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) হারুন অর রশিদের অবসরজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্মৃতি স্মারক প্রদান ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন দাবি, সমস্যা ও কথা মনোযোগ সহকারে শোনেন এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পরে তিনি বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়ির চাহিদার প্রেক্ষিতে দাপ্তরিক ব্যবহার্য জিনিসপত্র ও ক্রোকারিজ সামগ্রী বিতরণ করেন।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মো: সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই (পুলিশ লাইন্স), সকল ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১০ পুলিশ সদস্য ও ৫ গ্রাম পুলিশকে বিশেষ পুরস্কার প্রদান



