আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন ঘিরে সরগরম রাজনীতি আলোচনায় বিভিন্ন দলের ১১ সম্ভাব্য মেয়র প্রার্থী

খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা অফিস


দীর্ঘ প্রতীক্ষার পর আবারও আলোচনায় উঠে এসেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন। যদিও এখনো নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেনি। তবুও সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, পথসভা, মতবিনিময়, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতিকে কেন্দ্র করে পৌরসভাজুড়ে নির্বাচনী আবহ তৈরি হয়েছে।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হওয়া আলমডাঙ্গা পৌরসভা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নগর এলাকা। তবে পরিকল্পিত নগরায়ণের অভাব, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, সংকীর্ণ সড়ক, যানজট, বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা, আধুনিক নাগরিক সুবিধার ঘাটতি এবং পরিবেশগত নানা সমস্যা এখনো পৌরবাসীর প্রধান ভোগান্তির কারণ। এদিকে নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিগত উদ্যোগে গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘরানায় আলোচনায় রয়েছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও সৌদি প্রবাসী হাসিবুল হক লিপু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস।
রাজনৈতিক অঙ্গনে শহিদুল কাউনাইন টিলুকে অভিজ্ঞ ও সাংগঠনিকভাবে দক্ষ নেতা হিসেবে দেখা হয়। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূলে গ্রহণযোগ্যতার কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে মীর আসাদুজ্জামান উজ্জ্বলও আলোচনায় রয়েছেন। তরুণদের সম্পৃক্ত করে আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়ার লক্ষ্য নিয়ে তিনি মাঠে সক্রিয় রয়েছেন বলে স্থানীয়দের মত। আজিজুর রহমান পিন্টু দীর্ঘদিন ধরে পৌর বিএনপির নেতৃত্বে রয়েছেন। কঠিন সময়ে দলকে সংগঠিত রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা উল্লেখ করছেন দলীয় নেতাকর্মীরা। জিল্লুর রহমান ওল্টুও নিয়মিত গণসংযোগ ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করছেন। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তাঁর পরিচিতিও ব্যাপক বলে জানা যায়। সৌদি প্রবাসী হাসিবুল হক লিপু দেশে ফিরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা, মাদকবিরোধী সচেতনতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় এসেছেন। পাশাপাশি গোলাম মোস্তফা বিশ্বাসও সাংগঠনিক কর্মকাণ্ড ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। এদিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামও নীরবে সাংগঠনিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসেন টিপুকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এনেছে। আগেভাগেই একক প্রার্থিতা ঘোষণা করে দলটি প্রচারণা শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সাংগঠনিক শক্তির কারণে তিনিও গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হতে পারেন। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম সামাজিক ও নাগরিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত। বিভিন্ন সামাজিক উদ্যোগে সম্পৃক্ততার কারণে তিনিও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। এছাড়া রেজাউল হক লাবলুও নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা
করছেন। সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীও আবারও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
তবে এখনো কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি। বিশেষ করে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকায় দলীয় সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল বাড়ছে। সংশ্লিষ্টদের মতে দলীয় মনোনয়ন, সাংগঠনিক সমর্থন এবং জনপ্রিয়তার সমন্বয়েই চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হতে পারে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন ব্যক্তি জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা, জনসম্পৃক্ততা, উন্নয়নের বাস্তব পরিকল্পনা এবং তরুণ ভোটারদের অংশগ্রহণের ওপর অনেকটাই নির্ভর করবে। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা না হলেও আলমডাঙ্গা পৌরসভাজুড়ে নির্বাচনী আবহ স্পষ্ট। সম্ভাব্য প্রার্থীরা যেমন নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত, তেমনি ভোটাররাও অপেক্ষা করছেন এমন একজন দক্ষ, সৎ ও দূরদর্শী জনপ্রতিনিধি নির্বাচনের, যিনি আলমডাঙ্গাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।