স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরের মালিক টাওয়ারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টার দিকে শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকা মালিক টাওয়ারে হঠাৎ ধোঁয়া ও আগুনের সূত্রপাত হলে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা অল্প সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে আগুন ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েনি এবং বড় ধরনের দুর্ঘটনাও এড়ানো সম্ভব হয়।
প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার সময় ভবনে অবস্থানরত লোকজন নিরাপদে বের হয়ে আসেন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ব্যবসায়ী ও ভবন মালিকদের বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা, অতিরিক্ত লোড ব্যবহার থেকে বিরত থাকা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই মালিক টাওয়ারের পার্কিং স্লটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমরা দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমরা যাওয়ার পরেও বেসমেন্টে সাব স্টেশনের তারে মোমবাতির মতো আগুন জ্বলছিল এবং প্লাস্টিক পুড়ছিল। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগায় আমরা পানি ব্যবহার করতে পারিনি, আমরা অগ্নি নির্বাপক যন্ত্র দ্বারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তবে মালিক টাওয়ার এর মত এত বড় একটি বহুতল ভবনে যে পরিমাণ অগ্নি নির্বাপক যন্ত্র থাকার কথা সেই পরিমাণ আমরা পাইনি। অগ্নিকাণ্ড থেকে বাঁচতে আমরা তাদেরকে যথাপোযুক্ত অগ্নি নির্বাপক যন্ত্র ভবণে মজুদের জন্য পরামর্শ প্রদান করি।



