আলমডাঙ্গা অফিস
সারাদেশের মতো আলমডাঙ্গা উপজেলায় ৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনেই পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং কেন্দ্রগুলোতে ছিল সুশৃঙ্খল পরিবেশ। আলমডাঙ্গা উপজেলায় ৩টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২২৪ জন। উপস্থিতি সংখ্যা ছিল ১১৮৫ জন। অনুপস্থিত ৩৯ জন। আলমডাঙ্গা সরকারি কলেজে ৪৪১ জন শিক্ষার্থী, মহিলা ডিগ্রী কলেজে ২১৯ জন ও হারদী এমএস জোহা ডিগ্রি কলেজে ৫৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আলমডাঙ্গা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। এ সময় তিনি কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন, পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, স্বচ্ছ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতারও আহ্বান জানান।
এদিকে পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপস্থিতি থাকলেও কেন্দ্রের ভেতরে ছিল সম্পূর্ণ পরীক্ষাবান্ধব পরিবেশ। প্রশাসনের তদারকি ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরীক্ষার পুরো সময়জুড়ে প্রতিটি কেন্দ্রে নিয়মিত মনিটরিং অব্যাহত আছে যাতে সকল পরীক্ষার্থী সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষা দিতে পারে।
আলমডাঙ্গায় সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত



