আলমডাঙ্গার ফল মেলা উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ

আলমডাঙ্গা অফিস
রঙিন ফলের সমারোহ, কৃষকদের প্রাণবন্ত অংশগ্রহণ আর আধুনিক কৃষি প্রযুক্তির প্রদর্শনীতে মুখর হয়ে ওঠে আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস চত্বর। দেশীয়-বিদেশি নানা জাতের ফল, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি এবং আধুনিক কৃষি উপকরণের প্রদর্শনী দেখতে সকাল থেকেই ভিড় করেন কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গত শুক্রবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে কৃষকদের মাঝে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করা হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
এসময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণ কৃষি। কৃষক যদি ভালো থাকে, দেশও ভালো থাকবে। তাই কৃষিকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে হবে। শুধু উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদিত কৃষিপণ্যের সঠিক সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ফল মেলা শুধু প্রদর্শনীর আয়োজন নয় এটি কৃষকদের নতুন সম্ভাবনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। নতুন জাতের ফল চাষ, প্রযুক্তির ব্যবহার এবং মূল্য সংযোজনের মাধ্যমে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন। কৃষির উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। মেলায় স্টলে আম, কাঁঠাল, লিচু, মাল্টা, ড্রাগন ফল, পেয়ারা, জাম, লেবুসহ নানা জাতের ফল প্রদর্শনের পাশাপাশি ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়। কৃষি কর্মকর্তারা উন্নত জাতের ফল চাষ, রোগবালাই দমন এবং বাণিজ্যিক ফল উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ। এতে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা জাসাসের সভাপতি সেলিমুল হাবিব সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব তাবারক হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাবুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু এবং সদস্য সচিব আল ইমরান।
অনুষ্ঠানে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্বাচিত কৃষকদের মাঝে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম ও ফার্ম টুলস বিতরণ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।