চুয়াডাঙ্গায় আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর উদ্বোধন করলেন সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় জেলা ও দায়রা জজ আদালতের পাশে এ ন্যায়কুঞ্জ এর উদ্বোধন করেন প্রধান অতিথি সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি জাফর আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি জাফর আহমেদ বলেন, ‘ন্যায়কুঞ্জে এখন থেকে আদালত চত্বরে আগত বিচারপ্রার্থীরা ব্যবহার করতে পারবেন। এখানে অত্যাধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। সাথে আছে নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা ওয়াশরুম। বসার জন্য আধুনিক চেয়ার-টেবিল ও ফ্যনের ব্যবস্থা করা হয়েছে। শিশুদের জন্য দুগ্ধপান কক্ষ আছে। এছাড়া, খাওয়ার জন্য একটি স্টলও রয়েছে। এখানে কোন সমস্যা দেখা দিলে বিচারক, প্রশাসন ও আইনজীবীরা সমাধানের ব্যবস্থা নেবেন। কোন কিছু অনিয়ম হলে, বিচারকের নজরে আনবেন। ’
উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক ( জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (১) বিচারক সত্যব্রত শিকদার, অতিরিক্ত জেলা ও দায়রা (২) আদালতের বিচারক শম্পা বসু, যুগ্ম জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক মুনিয়া জাহিদ নিশা, যুগ্ম জেলা ও দায়রা জজ (২) আদালতের বিচারক আলিফ রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান, সিভিল জজ (সদর) নাসির হুসাইন, লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মোরশেদ আলম, সিভিল জজ (আলমডাঙ্গা) মো. জাকারিয়া,  জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সারেয়ার বাবু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলম মানি, বারের সহসভাপতি অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহিনুর ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত: চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গনে ২০২৩ সালের ৪ মার্চ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।  উদ্বোধনের তিন বছর ২ মাস পর ন্যায়কুঞ্জ চালু হলো। চুয়াডাঙ্গা  গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সহিদুল হাসান জানান, ন্যায়কুঞ্জ ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪৩ লাখ ৪৫ হাজার ২৯৩ টাকা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।