আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা প্রধান সড়কের নওদা বন্ডবিল কবরস্থান সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক, চোরাচালান ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন কুমার কুণ্ডুর নেতৃত্বে একটি পুলিশ দল রাত্রীকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একদল ডাকাত চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পাশে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের সুজন আলী ওরফে সুজন শেখ (৩৫), কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের শরিফুল ইসলাম (৪৫) এবং কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বোয়ালদহ গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনা (৫২)। পুলিশের জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ২১ ও ২৪ ইঞ্চি লম্বা দুটি আধুনিক চাইনিজ কুড়াল, ৩৩ ইঞ্চি লম্বা একটি লোহার হাসুয়া, একটি ব্যাটারিচালিত পাখিভ্যান, প্রায় ২০ হাত নাইলনের রশি এবং একটি সিমেন্টের বস্তা।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃতদের সঙ্গে আরও পাঁচজন নামীয় এবং চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি ডাকাতি চক্রের সঙ্গে জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ ৩ ডাকাত গ্রেফতার



