আলমডাঙ্গার মালিথাপাড়া গ্রামের টিপু সুলতানের চোখের অপারেশনের জন্য সহায়তার আবেদন

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের মালিথাপাড়া গ্রামের টিপু সুলতান (৩২) দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় মানবেতর জীবনযাপন করছেন। চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার না করালে তিনি স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারেন। তবে প্রায় ২ লাখ টাকার চিকিৎসা ব্যয় বহন করার সামর্থ্য না থাকায় তার চিকিৎসা অনিশ্চয়তার মুখে পড়েছে। পিতা-মাতাহীন এই যুবকের জীবনে একমাত্র ভরসা ছিল তার দুটি চোখ। ভাঙাচোরা একটি কুঁড়েঘরে একাকী বসবাস করা টিপু সুলতান এখন সেই দৃষ্টিশক্তিও হারানোর শঙ্কায় দিন গুনছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ভিশন আই হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফলে চিকিৎসকরা জানান, তার উভয় চোখের দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত অস্ত্রোপচার না করা হলে তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারেন।
চিকিৎসকদের মতে, প্রয়োজনীয় অস্ত্রোপচার ও চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ২ লাখ টাকা ব্যয় হবে। কিন্তু এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা টিপু সুলতানের পক্ষে সম্ভব নয়।
স্থানীয়রা জানা যায়, টিপু সুলতান বেলগাছী ইউনিয়নের মালিথাপাড়া গ্রামের মৃত আত্তাব মণ্ডলের ছেলে। বহু বছর আগে তার বাবা-মা মারা যান। বর্তমানে তিনি গ্রামের একটি জরাজীর্ণ কুঁড়েঘরে একা বসবাস করেন। প্রতিবেশীদের সহায়তায় তার নিত্যদিনের খাবারের ব্যবস্থা হয়। জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও তিনি কখনও কারও কাছে সাহায্যের জন্য হাত পাতেননি।
স্থানীয় সমাজসেবক মাহবুব বলেন, টিপু সুলতান অত্যন্ত শান্ত, ভদ্র ও আত্মসম্মানবোধসম্পন্ন একজন মানুষ। তিনি কখনও কারও কাছে সাহায্য চাননি। কিন্তু আজ তার জীবন ও ভবিষ্যৎ রক্ষায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
এলাকাবাসী টিপু সুলতানের চিকিৎসার জন্য চুয়াডাঙ্গাসহ দেশ-বিদেশে অবস্থানরত মানবিক ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাদের বিশ্বাস, সমাজের সহৃদয় মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে টিপু সুলতান আবারও নতুন করে আলোর পৃথিবী দেখতে পারবেন। সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ: বিকাশ (পার্সোনাল): ০১৯১৫৫৭৪৩০৬।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।