স্টাফ রিপোর্টার
ভগবান শ্রীরাম চন্দ্রের প্রতি অবমাননা এবং সারাদেশে মন্দির ও ধর্মীয় উপাসনালয় গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় জেলা শহরের বড় বাজার চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনটির আয়োজন করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সুরেশ কুমার আগরওয়ালা।
মানববন্ধনে অংশ নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথ বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোনো ধর্মের উপাসনালয় ধ্বংসের হুমকি একটি সভ্য ও অসাম্প্রদায়িক সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমরা ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও ধর্মীয় উপাসনালয় গুঁড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।
পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কনকান্তি সাহা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করে। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় উসকানি, বিদ্বেষমূলক বক্তব্য কিংবা উপাসনালয়ের বিরুদ্ধে হুমকি দিয়ে সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে না। ধর্মীয় অবমাননা ও সাম্প্রদায়িক উসকানির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এসময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক উৎপল কুমার বিশ্বাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পবিত্র কুমার আগরওয়ালা প্রমুখ। বক্তারা বলেন “ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই”।
ভগবান শ্রীরাম চন্দ্রের প্রতি অবমাননা ও ধর্মীয় উপাসনালয় গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন



