বিশাল পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রায় মাতলো চুয়াডাঙ্গার আর্জেন্টিনা ভক্তরা

স্টাফ রিপোর্টার
বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে বিশাল আর্জেন্টিনার পতাকা নিয়ে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী চুয়াডাঙ্গার উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহীদ হাসান চত্বর, কোর্টমোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। এ সময় আকাশি-সাদা জার্সি পরিহিত শত শত সমর্থক আর্জেন্টিনার পতাকা বহন করেন। পাশাপাশি শতাধিক মোটরসাইকেল, ব্যান্ড পার্টি, নাচ-গান, উল্লাস ও বিভিন্ন স্লোগানে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।
বিশাল এই পতাকা ও শোভাযাত্রা দেখতে শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ রাস্তায় ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। র‌্যালিটি শহরবাসীর ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে এবং শহরজুড়ে সৃষ্টি হয় ফুটবল উৎসবের আমেজ। সমর্থকরা জানান, প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি ফুটবলকে কেন্দ্র করে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। তাদের প্রত্যাশা, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার বিশ্বকাপেও ভালো পারফরম্যান্স করবে।
এ সময় আর্জেন্টিনা ভক্ত শিশু শুয়াইব বলেন, নিজের জেলাতে যে এত বড় একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে সেটি আমি ভাবতেও পারিনি। আর্জেন্টিনার এই শোভাযাত্রায় আসতে পেরে খুবই ভালো লাগছে। বড় ভাইদের সাথে পুরো চুয়াডাঙ্গা শহর ঘুরেছি, আবির রং মেখেছি  খুব আনন্দ করেছি। গতবার আর্জেন্টিনা বিশ্বকাপে জয়ী হয়েছে আশা করি এবারও জয়ী হবে। র‌্যালিটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন আদিদ হোসেন, শামসুজ্জোহা রানা, মুজাহিদ, আরমান ও যুবরাজ খান রিমন। এ সময় শত শত আর্জেন্টিনা ভক্ত ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।