দশ বছরে মেহেরপুরে বেড়েছে প্রায় ২২ হাজার অর্থনৈতিক প্রতিষ্ঠান

মেহেরপুর অফিস
২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত মেহেরপুর জেলায় প্রায় ২২ হাজার নতুন অর্থনৈতিক প্রতিষ্ঠান বা ইউনিট বেড়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক শুমারি বিষয়ক এক সেমিনারে এ তথ্য তুলে ধরে জেলা পরিসংখ্যান অফিস। সেমিনারে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুসারে বর্তমানে মেহেরপুর জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৬৩ হাজার ৭৮৭টি। এর মধ্যে স্থায়ী প্রতিষ্ঠান রয়েছে ২৭ হাজার ২৪৮টি এবং অস্থায়ী প্রতিষ্ঠান ১ হাজার ৩৭টি। এছাড়া ৩৫ হাজার ৫০২টি খানা বা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
অন্যদিকে, ২০১৩ সালের অর্থনৈতিক শুমারিতে জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৪১ হাজার ৮৮০টি। সে হিসাবে গত এক দশকে জেলায় বেড়েছে ২১ হাজার ৯০৭টি অর্থনৈতিক ইউনিট।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক বছির উদ্দিন। তিনি দেশের সর্বশেষ অর্থনৈতিক শুমারির সামগ্রিক চিত্র তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক শুমারির লক্ষ্য, উদ্দেশ্য, আওতা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রধান অনুসন্ধানগুলো উপস্থাপন করেন। এ সময় সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে এসব তথ্যের গুরুত্বও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও জেলার বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সেমিনারে অংশ নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।