খাদ্যে টেক্সটাইল রঙ ও ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করায় চুয়াডাঙ্গা শহরের অভি ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টর
খাদ্যপণ্য তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর টেক্সটাইল রঙ ও ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করায় চুয়াডাঙ্গা শহরে অভি ফুড নামে এক বেকারিকে ৫০ হাজার টাকা  জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ২ টার দিকে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠসংলগ্ন “অভি ফুড প্রোডাক্টস” কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।
জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে এ সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, খাদ্য প্রস্তুতের কাজে অনুমোদিত উপকরণের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল লবণ এবং কাপড় রঙ করার কাজে ব্যবহৃত টেক্সটাইল কালার ব্যবহার করা হচ্ছিল। পরে কারখানায় উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে নিরাপদ খাদ্য অধিদপ্তরের  ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে অভিযোগের প্রাথমিক সত্যতা মিললে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটির মালিক অভি ফুডকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত আদেশ দেন। পরে সাথে সাথে জরিমানার অর্থ পরিশোধ করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার ও পুলিশ একটি টিম উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।