আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার অন্যতম জ্ঞানচর্চার কেন্দ্র ‘নিমগ্ন পাঠাগার’ পরিদর্শন করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী ও সমাজসেবক হাসিবুল হক (লিপু)। এ সময় তিনি পাঠাগারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল শুক্রবার বাদ আছর পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় তাঁর আগমনকে ঘিরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। নিমগ্ন পাঠাগারের পরিচালক ও আলমডাঙ্গার বিশিষ্ট আলেম শায়খ ইমদাদুল হক তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে পাঠাগারের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং এর সমৃদ্ধ বই সংগ্রহ ও জ্ঞানভিত্তিক পরিবেশের প্রশংসা করেন। পরে তিনি শায়খ ইমদাদুল হকের সঙ্গে পাঠাগারের উন্নয়ন, তরুণ সমাজকে বইমুখী করা এবং শিক্ষার আলো আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে মাদক, সহিংসতা ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে বইয়ের কোনো বিকল্প নেই। আলমডাঙ্গায় জ্ঞানচর্চা ও শিক্ষার মানোন্নয়নে নিমগ্ন পাঠাগারের যেকোনো প্রয়োজন ও উন্নয়নমূলক কাজে আমি সবসময় পাশে থাকব এবং সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করব।
শায়খ ইমদাদুল হক তাঁর বক্তব্যে মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপুর আগমন ও পাঠাগার উন্নয়নে সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানান। তিনি পাঠাগারের উত্তরোত্তর সমৃদ্ধি ও জ্ঞানচর্চার পরিবেশ আরও বিস্তৃত করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এ সময় পাঠাগারের সদস্যবৃন্দ, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং হাসিবুল হক লিপুর শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গার নিমগ্ন পাঠাগার পরিদর্শনে মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু



