মেহেরপুর অফিস
নিষিদ্ধ সংগঠন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রদল নেতা রেজওয়ানুল হক ইমনের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি থেকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে সাহারবাটি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে থানা থেকে রাকিবুল ইসলাম টুটুলকে মেহেরপুর আদালতে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেন।
তিনি বলেন, আমি জন্মগতভাবে অপরাধী নই। এ দেশে জন্মগ্রহণ করেছি, সেটাই আজ আমার সবচেয়ে বড় অন্যায় হয়ে দাঁড়িয়েছে। বিনা অপরাধে আমাকে গ্রেফতার করা হয়েছে। আমি মানুষের জন্য রাজনীতি করেছি, সাধারণ মানুষের সেবা করার জন্য রাজনীতি করেছি। আজ আমাকে গ্রেফতার করা হয়েছে শুধু আমি ‘জয় বাংলার’ লোক বলে।
টুটুলের এই বক্তব্য ও ‘জয় বাংলা’ স্লোগানকে ঘিরে থানা চত্বরে উপস্থিত লোকজনের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।
এ বিষয়ে গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুলকে গ্রেফতার করা হয়েছে। আদালতে সোপর্দ করার পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মেহেরপুরে আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান



