মেহেরপুর অফিস
মেহেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গাংনী ও মেহেরপুর শাখায় গ্রাহক ফোরামের চাপে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
ব্যাংক সূত্রে জানা যায়, কর্মসূচির সময় কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম থেকে বিরত থাকেন। এ কারণে নির্ধারিত সময়ে গ্রাহকসেবায় সাময়িক বিঘ্ন ঘটে।
কর্মকর্তারা জানান, গ্রাহক ফোরামের সদস্যরা ব্যাংকে এসে এক ঘণ্টার জন্য কর্মবিরতি পালনের বিষয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা ওই সময় কর্মসূচিতে অংশ নেন। অন্যদিকে, গ্রাহক ফোরামের সদস্যরা দাবি করেন, ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের হাতে তুলে দেওয়ার যে কোনো উদ্যোগ বা পাঁয়তারার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেছেন। ব্যাংকের স্বতন্ত্রতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবিতে তাদের এ অবস্থান বলে জানান তারা। কর্মবিরতি শেষে সকাল ১১টার পর থেকে শাখাটির স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়।
মেহেরপুরে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের এক ঘণ্টার কর্মবিরতি



