আন্দুলবাড়ীয়া প্রতিনিধি
জীবননগর উপজেলার আব্দুলবাড়িয়া ইউনিয়নের পোকামারী পাড়া ও পাঁকা বিল এলাকায় পুকুর খনন ও সংস্কারের আড়ালে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। দিন-রাত ট্রাক্টরে করে মাটি পরিবহনের কারণে শব্দদূষণ, সড়ক ক্ষয়ক্ষতি এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে দিন ও রাতভর মাটি বোঝাই ট্রাক্টর চলাচল করছে। এতে শব্দদূষণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। এছাড়া ভারী যানবাহনের অব্যাহত চলাচলে গ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার খাসপাড়া গ্রামের মৃত হামিদ মণ্ডলের ছেলে হারুনার রশিদ আব্দুলবাড়িয়ার পোকামারী পাড়ায় একটি পুকুর খনন করছেন। একইভাবে পাঁকা বিল এলাকায় ময়েজদ্দিনের জমি থেকে মাটি কাটার কাজ করছেন স্থানীয় সাইফুল ইসলাম। এলাকাবাসীর দাবি, পুকুর খননের নামে ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে বিপুল পরিমাণ মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে।
পোকামারী পাড়ার বাসিন্দা মনিরুজ্জামান মনির বলেন, দিন-রাত মাটি বোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে চলাচল করছে। এতে মানুষের ঘুম হারাম হয়ে গেছে। শব্দদূষণে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ছে। প্রতিবাদ করলে আমাদের হুমকি দেওয়া হচ্ছে।
কৃষক শুকুর আলী ও সিরাজুল ইসলাম জানান, গ্রামের এই সড়কই তাদের মাঠে যাতায়াতের প্রধান পথ। ট্রাক্টরের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগ বেড়েছে। তারা অভিযোগ করেন, প্রতিবাদ করলে মাটি ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রশাসনকে ‘ম্যানেজ’ করার দাবি করে ভয়ভীতি দেখান।
এলাকাবাসীর আরও অভিযোগ, পোকামারী পাড়া মোড়ের পুলিশ চেকপোস্টের সামন দিয়েই রাতভর মাটি বোঝাই ট্রাক্টর চলাচল করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম রাসেল বলেন, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাটি কেটে বিক্রির কোনো সুযোগ নেই। যেই জড়িত থাকুক, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুলবাড়িয়ায় পুকুর খননের নামে মাটি বিক্রির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী



