আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের আসমানখালী খাজা মোড়ে ব্যাটারিচালিত অটোগাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাহানারা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাহানারা বেগম উপজেলার চিৎলা গ্রামের আব্দুল ছাত্তারের স্ত্রী।
পারিবারিক প্রয়োজনে বুধবার বিকাল ৩টার দিকে তিনি নিজ বাড়ি থেকে আসমানখালীর উদ্দেশ্যে একটি ব্যাটারিচালিত অটোগাড়িতে রওনা হন। স্থানীয় সূত্রে জানা যায়, অটোগাড়িটি ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের আসমানখালী খাজা মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে গাড়িটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সাহানারা বেগম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দারা জানান, আসমানখালী খাজা মোড় এলাকায় প্রায়ই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটে। সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
সাহানারা বেগমের আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
আলমডাঙ্গায় অটোর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, গৃহবধূ নিহত



