স্টাফ রিপোর্টার
নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬-এ চুয়াডাঙ্গা বালক ক্রিকেট দলের পক্ষ থেকে জেলা প্রশাসক লুৎফুন নাহারের হাতে রানার আপ ট্রফি হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে রানার আপ ট্রফি হস্তান্তর করা হয়।
প্রথমবারের মতো আয়োজিত নতুনকুড়ি স্পোর্টস -২০২৬ খুলনা বিভাগীয় পর্যায়ের খেলায় চুয়াডাঙ্গা জেলা বালক ক্রিকেট টিম দুর্ভাগ্যজনক ভাবে মাত্র ১ রানে হেরে খুলনা বিভাগীয় পর্যায়ে রানার আপ হয়ে মিশন শেষ করে। তবে নক আউট পর্বের প্রতিটি ম্যাচে চুয়াডাঙ্গা জেলা বালক টিমের খেলোয়াড়রা চমৎকার পারফরমেন্স করে বিভাগীয় সিলেক্টরদের মন জয় করেছে । সিলেক্টরদের বিচারে চুয়াডাঙ্গা জেলা দলের ৬ জন ক্রিকেটার বিভাগীয় ক্রিকেট টিমের ক্যাম্পিংয়ে জায়গা করে নিয়েছে। ৬ জন ক্রিকেটার হলো তৌহিদুল ইসলাম (দলনায়ক), শিমুল হোসাইন, সিয়াম হোসেন, সাদী মল্লিক,সামিউ হাসান ও মাহমুদুল হাসান সিফাত।
মাত্র ১ রানে হেরে চ্যাম্পিয়ন হতে না পারলেও চুয়াডাঙ্গা জেলা টিমের ৬ জন খেলোয়াড় বিভাগীয় টিমে জায়গা করে নেওয়ায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার চুয়াডাঙ্গা জেলা দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, জয়-পরাজয়ের বিচারে হয়তো আমরা দুর্ভাগ্যজনক ভাবে ১ রানে পিছিয়ে ছিলাম, তবে চ্যাম্পিয়নদের চেয়ে কোন অংশে আমরা কম ছিলাম না। খেলোয়াড়দের প্রেরণামূলক পিঠ ছাপড়িয়ে জেলা প্রশাসক লুৎফুন নাহার নাহার আরো বলেন, তোমরা যথেষ্ট ভালো করেছো কিন্তু চ্যাম্পিয়নশিপটা আমাদের ভাগ্যে ছিল না। মন খারাপ করো না, এ ম্যাচে যে ভুল-ত্রুটিগুলো ছিল সেগুলো শুধরে নিয়ে পরবর্তীতে কাজে লাগাতে হবে।
টফি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার বিভাগ) শারমিন আক্তার, নেজারাত ডেপুটি কালেক্টর (এনডিসি) আলাউদ্দিন আল আজাদ ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা। এছাড়াও টিম ম্যানেজার জুয়েল মাহমুদ, কোচ খন্দকার জিহাদি জুলফিকার টুটুল, অফিসিয়াল ইমরান, দলনায়ক তৌহিদুল ইসলাম, স্পোর্টস রিপোর্টার ইসলাম রকিবসহ চুয়াডাঙ্গা জেলা টিমের সকল ক্রিকেটারগণ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা বালক ক্রিকেট টিমের পক্ষ থেকে জেলা প্রশাসকের হাতে ট্রফি হস্তান্তর নতুনকুঁড়ি স্পোর্টসে খুলনা বিভাগীয় রানার আপ



