মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে আরিফ হোসেন (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে সঙ্গীয় কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে এক যুবক। নিহত আরিফ হোসেন পাবনা জেলার চাটমোহর উপজেলার আফজাল হোসেনের ছেলে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে, বামুন্দী বাজারের তুষার টাওয়ার হাউজে অজ্ঞাত ৫/৬ জন হানা দেয়। ঘর থেকে টায়ার বের করে সড়কে থাকা পিকআপে তুলছিল। দোকান মালিক টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন হাজির হয়। এসময় কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে আরিফ। তাকে রসি দিয়ে বেঁধে বেধড়ক মারপিঠ করা হয়। গুরুতর আহত অবস্থায় দোকানের পাশে ফেলে রাখা হয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়। ওই যুবক মৃত্যুর আগে সারা শরীর রসি দিয়ে বাঁধা ছিল। গুরুতর আহত অবস্থায় তার কথা বের হচ্ছিল না। একটি ভিডিওতে দেখা গেছে- বেঁধে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করছেন উৎসুক মানুষ। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তারা ৫/৬ জন পাবনা সদর থেকে পিকআপযোগে চুরি করতে বামুন্দি এসেছিল।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তদন্তের পাশাপাশি নিহতের পরিচয় সনাক্ত করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মেহেরপুরের বামুন্দী বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত



