চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার
আইনমন্ত্রী এ্যাড. আসাদুজ্জামান বলেছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতায় যেসব বিচারিক আদালত রয়েছে, সেই আদালতগুলো ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে, সেই আদালতগুলো খোলা থাকবে। আপনারা দেখবেন ১ জুন থেকে রামিসার বিচার শুরু হচ্ছে। ঈদের ছুটির পর প্রথম যে দিন অফিস আদালত খুলবে ওই দিনই রামিসার ঘটনার বিচার শুরু হবে। ২৪ ঘন্টার মধ্যে আসামী জবানবন্দী  দিয়েছে, আমরা বলেছিলাম এক সপ্তাহের মধ্যে চার্জশীট হয়েছে। আমরা বিচারের প্রক্রিয়ায় এগিয়ে গেছি। গতকাল সোমবার বিকালে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান উপরোক্ত মন্তব্য করেন।
জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে মতবিনিময় সভায় আইনমন্ত্রী আরো বলেন, আমি একজন সংসদ সদস্য। আমাদের একটা অধিকার ছিল যে সংসদ সদস্য হলে আমি একটি ট্যাক্স ফ্রি গাড়ি পাবো।  ১০ কোটি টাকার একটি গাড়ি আমি এক কোটি টাকা আনতে পারবো। সংসদ সদস্য হওয়ার পরে আমি একটি প্লট বরাদ্দ পাবো। ৩০০ জন সংসদ সদস্য ৩০০টি প্লট পাবে।  কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা যারা নির্বাচিত হয়েছি, জনগণের সেবা করার ব্রত নিয়ে এসেছি। কিন্তু যদি আমরা ১০ কোটি টাকার গাড়ি ১ কোটি টাকা দিয়ে নিয়ে আসি, তাহলে জনগণ ৯ কোটি টাকা বঞ্চিত হলো, এটা হবে না।
এরকম ইতিবাচক পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর। আমাদের প্রধানমন্ত্রী ট্রাফিক আইন মেনে, সিগন্যাল মেনে রাস্তায় চলাচল করেন। তিনি বলেছেন, যে দেশের সাধারণ মানুষ যেভাবে রাস্তায় চলবে আমিও ঠিক সেই ভাবে রাস্তায় চলাচল করব। মাননীয় প্রধানমন্ত্রী এই সরকারের জনকল্যাণমুখি যতগুলো কাজ আছে আপনারা সেগুলি মানুষের সামনে তুলে ধরেন। আমরা প্রতিটা পরিবারের ফ্যামিলি কার্ড ইস্যু করেছি, আমাদের কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি আমাদের সকল জনকল্যাণমুখি কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরেন। দল যদি দাঁড়ায় আপনি আপনি ভালো থাকবেন। এ দেশও ভালো থাকবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শরীফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম.এ তালহা, কৃষকদলের সভাপতি মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক তবারক হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিমসহ বিএনপি ও এর অংগ সংগঠনসমুহের নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।