স্টাফ রিপোর্টার
জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরা এবং তা যথাযথ বাস্তবায়নের দাবিতে বিরোধী দলের অপপ্রচারের বিরুদ্ধে চুয়াডাঙ্গা শহরে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর চুয়াডাঙ্গা জেলা শাখা। চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর থেকে শুরু করে বড় বাজার, নিচের বাজার, নিউমার্কেট ও প্রিন্স প্লাজাসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা-এর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহ-সভাপতি হুমায়ুন কবির আকাশ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাদ্দাম হোসেন, রোকন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিসুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. রকিবুল হাসান, যুগ্ম সম্পাদক সাজু আহমেদ, রাহাত উল হক ও সাবেক আহ্বায়ক ফয়সাল ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বিরোধী দল নানা ভিত্তিহীন ইস্যু সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে। মিথ্যা তথ্য উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
তারা আরও বলেন, বিএনপি জুলাই সনদ স্বাক্ষরের সময় যেসব বিষয়ে ঐকমত্য পোষণ করেছে, সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। কারণ বিএনপি জুলাইকে শতভাগ ধারণ করে।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ



