ঝিনাইদহ অফিস
ঝিনাইদহে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা কার্যালয় আলহেরা অফিসে এ ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আযম মো: আবু বক্কর।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি ছগির আহম্মেদ ও তাজুল ইসলাম, মোহাদ্দিস রবিউল ইসলামসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আযম আবু বক্কর বলেন, পবিত্র ঈদুল আজহা শুধু ত্যাগের শিক্ষা দেয় না, এটি সামর্থ্যবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোরও বার্তা দেয়। সমাজের পিছিয়ে থাকা মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে তিনি জেলা নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ঝিনাইদহ পৌরসভার ১৪০ জন উপকারভোগীর হাতে ত্রাণ ও আর্থিক সহায়তা তুলে দেন।
ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ



