মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় চলতি মাসে পঞ্চম বারের মতো বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধারের ঘটনা ঘটেছে| এবার চরগোয়াল গ্রামের আতিকুর রহমান হানিফের বাড়ির সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ| গতকাল বুধবার সকালে স্থানীয়রা বাড়ির সামনে সন্দেহজনক একটি বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়| আতিকুর রহমান হানিফ চরগোয়াল গ্রামের সদরপাড়ার রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে|
স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফের বাড়ির মূল ফটকের সামনে একটি পলিথিন ব্যাগের মধ্যে লালটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখা যায়| পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে| এ মাসের ৩ তারিখেও এই গ্রাম থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছিলো|
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে| ঘটনাটির সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে|



