আটকবর প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার কুনিয়া গ্রামের মানসিক ভারসাম্যহীন যুবক মোতালেব হোসেন (২২) দীর্ঘ ২ মাস ৯ দিন নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। মোতালেব হোসেন কুনিয়া গ্রামের ইসরাফিল আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত প্রায় আড়াই মাস আগে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মোতালেব। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামে মোতালেবের সন্ধান মেলে। খবর পেয়ে পরিবারের কয়েকজন সদস্য দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মোতালেব নিখোঁজ থাকায় পরিবারজুড়ে দুশ্চিন্তা, কান্নাকাটি ও হতাশার পরিবেশ বিরাজ করছিল। হঠাৎ মোবাইল ফোনে তার সন্ধানের খবর পেয়ে সবাই আনন্দিত হয়। মানসিক ভারসাম্যহীন মোতালেবকে ফিরে পাওয়ায় পরিবারটির মাঝে আবারও আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।
দামুড়হুদার কুনিয়ায় নিখোঁজের আড়াই মাস পর সন্ধান মিললো মোতালেবের:পরিবাবের মাঝে ফুটলো আনন্দের হাসি



