আলমডাঙ্গায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে ফ্রিটিউবওয়েল স্থাপন কার্যক্রম পরিদর্শনে ইউএনও

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে ফ্রি টিউবওয়েল স্থাপন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন, আলমডাঙ্গা শাখা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ছত্রপাড়া হাফিজিয়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে একটি টিউবওয়েল প্রতিস্থাপন করা হয়। দুপুর ১টার দিকে সরেজমিনে এ কার্যক্রম পরিদর্শন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। এ সময় তিনি উদ্যোগটিকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। বিষয়টি আগে থেকেই জানতাম এবং ভালো কাজগুলোতে পাশে থাকার আগ্রহ রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. লিয়াকত আলী, সভাপতি আল আমিন হোসেন, সেক্রেটারি খাইরুল ইসলাম এবং মানবাধিকার কর্মী মাহমুদুল হাসান ইমরান।
শাখার সভাপতি আল আমিন হোসেন জানান, প্রবাসী দাতা সদস্য জামিল ইসলামের আর্থিক সহযোগিতায় উপজেলা জুড়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতি মাসে পাঁচটি করে ফ্রি টিউবওয়েল স্থাপন করা হবে এবং প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে বাস্তবায়ন করা হবে।
জানা গেছে, স্থানীয় জনগণের বিশুদ্ধ পানির সংকট নিরসনে সংগঠনটি নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করছে। তাদের পরিকল্পনায় প্রতি মাসে পাঁচটি টিউবওয়েল স্থাপন, বছরে ১০টি ঘর নির্মাণসহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।