দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ, দোষীদের গ্রেফতার এবং নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রুখে দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার খাদিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ আলম সাইফ, বিএনপি নেতা মহাবুল মেম্বার, শাফি ডাক্তারসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় এরশাদ মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি হাইরোড, চারতলা মোড় হয়ে বাজার প্রদক্ষিণ শেষে আল তায়েবা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, মানবিক, সাম্যভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের লক্ষ্যে ছাত্রদল শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রেখে কাজ করছে। তবে এই উদারতাকে কেউ দুর্বলতা মনে করে পুনরায় সহিংস আচরণ শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসনের ওপর আস্থা রাখতে চাই। কিন্তু হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা রাজপথে থেকেই আন্দোলন চালিয়ে যাবো।
আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ’র সভাপতিত্বে ও সদস্য সচিব আল ইমরান রাসেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু ও সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়। এসময় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।