আলমডাঙ্গা অফিস
আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণা লিফলেট বিতরণের উদ্বোধন করা হয়েছে। সম্ভাব্য মেয়র প্রার্থী বিএনপি নেতা হাসিবুল হক লিপুর পক্ষে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে শহরের আলিফউদ্দিন রোড মোড়ে তার সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়কের মোড় ও বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা।
প্রচার কার্যক্রমে অংশ নিয়ে সমর্থকরা শহরের উন্নয়ন, আধুনিক পৌরসেবা নিশ্চিতকরণসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। এতে ভোটারদের মাঝে আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।
জানা গেছে, সম্ভাব্য মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু ইতোমধ্যে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে তার সক্রিয় ভূমিকার কারণে স্থানীয় রাজনীতিতে তার উপস্থিতি আরও দৃশ্যমান হয়েছে। দলীয় রাজনীতির বাইরেও তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা বাড়ছে বলে স্থানীয়দের অভিমত।
এলাকাবাসীর মতে, পৌরসভা নির্বাচন ঘিরে বিভিন্ন আলোচনা ও আড্ডায় তার নাম বারবার উঠে আসছে। তিনি নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে হাসিবুল হক লিপু বলেন, আলমডাঙ্গা পৌরবাসীর ভালোবাসা ও আস্থাই আমার রাজনীতির সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি—সুখে-দুঃখে, দুর্যোগ কিংবা সংকটে। দল ও জনগণ যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, একটি দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেবেন না বলেও তিনি জানান। এদিকে, তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা ইতোমধ্যে আলমডাঙ্গা পৌর এলাকার রাজনৈতিক অঙ্গনকে সরব করে তুলেছে।
আলমডাঙ্গায় মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর পক্ষে লিফলেট বিতরণ উদ্বোধন



