স্টাফ রিপোর্টার
কৃষিই সমৃদ্ধি এ শ্লোগানকে ধারন করে চুয়াডাঙ্গায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা হলরুমে ১২ হাজার কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মাসুদ পারভেজ রাসেল। কৃষি সম্প্রসারণ অফিসার আসিফ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী কৃষি অফিসার নাজমুল হক।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, বর্তমান সরকার কৃষি নিয়ে অনেক সময়োপযোগী চিন্তা ভাবনা করছে। আজকের এই কৃষি প্রনোদনা কৃষকদের অনুপ্রেরণা। প্রকৃত পক্ষে যারা কৃষক, তাদের এই কৃষি প্রনোদনা পাওয়া উচিত। তিনি আরও বলেন, আমরা কৃষিকে এগিয়ে নিতে চাই। আমাদের খাদ্য শস্য আরো বাড়াতে হবে। চুয়াডাঙ্গার জেলার খাদ্যের চাহিদা পুরণ করছে আমাদের কৃষকরা। কৃষকদের পণ্য সংরক্ষণের জন্য হিমাগার নাই। তাই হিমাগারের প্রতিষ্ঠা করার জন্য সরকারের কাছে আহ্বান জানাছি। সবাইকে আহ্বান করে জানায় কৃষির উন্নতি সাধনের জন্য সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, ইতোপূর্বেও চুয়াডাঙ্গা জেলার জন্য আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি আজকে অনুষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আমাদের কৃষকদের অনুপ্রাণিত করাই আমাদের লক্ষ্য। আমরা যে পরিমাণ প্রণোদনা দেবো তা হয়তো কৃষকদের সারা বছর চলবেনা। তবে এটি কৃষকদের অনুপ্রেরণা যোগাবে। অনুপ্রেরণা যোগানোর জন্যই আমরা চুয়াডাঙ্গাতে ১২ হাজার কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করছি। এতে করে কৃষকরা ফসল ফলানোর প্রতি উৎসাহিত হবেন।
পরে ২০২৫-২৬ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বিতরণকৃত প্রনোদনার মধ্যে রয়েছে আউশ ধান বীজ, ড্যাপ ও এমওপি। এর মধ্যে প্রতিটি কৃষক পাবে ৫ কেজি ধান বীজ, ড্যাপ ১০ কেজি ও এমওপি ১০ কেজি। আগামী ১ সপ্তাহের মধ্যে সার-বীজ কৃষকের হাতে পৌছে যাবে বলে জানা গেছে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রান্তিক পর্যায়ের কৃষক, রাজনৈতিক দলের নেতা-কর্মি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ



