জীবননগরে সড়ক উন্নয়ন কাজের অনিয়মের অভিযোগ স্থানীয় জনগণের ক্ষোভ

জীবননগর অফিস
দর্শনা-জীবননগর আঞ্চলিক সড়কের ২৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন সড়ক প্রশস্তকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। কতৃপক্ষকে বারবার জানানোর পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। গতকাল বুধবার সন্ধ্যায় জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সামনে কাজ বন্ধ করে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং অনিয়মের প্রতিবাদ জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, সঠিক নিয়ম না মেনে কাজ সম্পাদন এবং তদারকির অভাব নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন স্থানীয়রা। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত তারা রাস্তায় নামতে বাধ্য হন। এ সময় উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রতিনিধি ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এলাকাবাসী জানান, আমরা উন্নয়নের বিরোধী নই। কিন্তু দুর্নীতি করে নিম্নমানের কাজ মেনে নেওয়া হবে না। সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাজের মান যাচাই না করা পর্যন্ত আমরা কাজ বন্ধ রাখব। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের এই অবস্থান জীবননগরে একটি নতুন বার্তা দিচ্ছে। সঠিক তদন্ত ও জবাবদিহিতার মাধ্যমে বিষয়টির দ্রুত সমাধান হওয়া জরুরি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।