স্টাফ রিপোর্টার
কৃষিপণ্যের নিরাপদ উৎপাদন ও আধুনিক বিপণন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ের (মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম) নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মৌসুমী ফল আমের উৎপাদন ও আধুনিক বিপণন ব্যবস্থা নিশ্চিতকরণে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এবং কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে এই সভার মূল উদ্দেশ্য ছিল আমের ভালো কৃষি পদ্ধতি (এঅচ) নিশ্চিত করা এবং কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি ও লাভজনকভাবে বিপণনের পথ সুগম করা।
সভায় বক্তারা আমের গুণমান রক্ষা এবং রপ্তানিযোগ্য আম উৎপাদনের ওপর বিশেষ জোর দেন। আমের মুকুল থেকে শুরু করে ফল সংগ্রহ পর্যন্ত রাসায়নিকের নিয়ন্ত্রিত ব্যবহার এবং উত্তম কৃষি পদ্ধতি (এঅচ) অনুসরণ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি কৃষকের নায্যমূল্য নিশ্চিত করতে একটি শক্তিশালী ডিজিটাল ও ভৌত প্ল্যাটফর্ম তৈরি করার বিষয়ে জোর দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে আম কেন্দ্রিক নতুন উদ্যোক্তা এবং আধুনিক প্যাকেজিং ব্যবস্থার উন্নয়নে নানান সহায়তা ও কৃষি ঋণ নেওয়ার বিষয়ে জানানো হয়।
সভায় উপস্থিত স্টেকহোল্ডারদের সাথে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে কৃষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং কর্মকর্তারা সমাধানের আশ্বাস দেন। এ সময় বক্তারা বলেন, চুয়াডাঙ্গার আমের সুনাম দেশজুড়ে ছড়িয়ে দিতে হলে বিজ্ঞানসম্মত উপায়ে চাষাবাদ এবং আধুনিক বিপণন ব্যবস্থার কোনো বিকল্প নেই। উত্তম কৃষি পদ্ধতি অনুসরণ করে পণ্য উৎপাদন করলে তা গ্রাহক পর্যায়ে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলে। ভোক্তাদের কীটনাশকবিহীন উন্নত মানের ফল খাওয়াতে (এঅচ) অনুসরণ করে চাষাবাদ করতে হবে। তবে শুধু সঠিকভাবে পণ্য উৎপাদন করলেই হবে না সঠিকভাবে বিপননও করতে হবে। জেলা পর্যায়ে (এঅচ) এর পণ্য সঠিকভাবে বিপনন করতে একটি প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজন বলে মনে করেন বক্তারা।
অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন, কৃষি বিপণন কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসিফ, বাজার মনিটরিং অফিসার মোঃ শহিদুল ইসলাম, জনতা ব্যাংকের আইটি অফিসার ফারুক আহমেদ, চুয়াডাঙ্গা শাখার রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ফিরোজ রানাসহ স্থানীয় আম চাষি এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
চুয়াডাঙ্গায় মৌসুমী ফল আম বিপণনে জেলা পর্যায়ের মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত



