খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. রফিকুল হকের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও খুলনা ড্যাবের সভাপতি ডা. রফিকুল হক বাবলুর সাথে অসৌজন্যমূলক আচরণ ও মব সৃষ্টির মাধ্যমে ট্রাস্টি বোর্ড হতে অবৈধ অপসারণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখা । গতকাল রোববার দুপুর ১টায় চুয়াডাঙ্গা সদর  হাসপাতাল চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ওয়ালিউর রহমান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ডা. রফিকুল হক বাবলুর সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রীমহল ষড়যন্ত্রমূলক ভাবে ডা. রফিকুল হক বাবলুর নাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমরা ডা. রফিকুল হক বাবলু ভাইকে অনেক পূর্বে থেকে চিনি। তিনি একজন মানবিক চিকিৎসক হিসেবে খ্যাত। তিনি বর্তমান ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সভাপতি। তিনি চুয়াডাঙ্গাতে বেশ কয়েকবার কয়েকশো রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেছেন। ইতোপূর্বে তিনি দুইবার চক্ষু ক্যাম্পেইন করেছেন। যেখানে কয়েকশো রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এমন একজন মানবিক ডাক্তারকে মব সৃষ্টির মাধ্যমে ট্রাস্টি বোর্ডের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ এর অপচেষ্টা চলছে। তার সহিত ও সৌজন্যমূলক আচরণের কারণে আজ আমরা ড্যাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করছি। এই মব সৃষ্টির বিরুদ্ধে খুব দ্রুতই পদক্ষেপ গ্রহণ না করলে ড্যাবের কেন্দ্রীয় কমিটি যে পদক্ষেপ নেবে তা বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি করেন চুয়াডাঙ্গা জেলা শাখার ড্যাবের নেতৃবৃন্দরা।  
মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, ডা. আসাদুর রহমান মালিক খোকন, ডা. এহসানুল হক তন্ময় ও ডা. ওয়াহিদ রবিন প্রমুখ। উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( ভারপ্রাপ্ত)  ডা. নাজমুস সাকিব, অর্থোপেডিক ডা. মিলন জোয়ার্দার, ডাঃ মাহাবুর রহমান মিলন, গাইনি বিশেষজ্ঞ ডা.আকলিমা খাতুন, ডা. ফারুক হোসেন, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আল ইমরান জুয়েলসহ জেলায় কর্মরত চিকিৎসক , স্বাস্থ্য  বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।