জীবননগর অফিস
চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে রাসেল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের বাসিন্দা এবং একই গ্রামের রেজাউল হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকার বৃহস্পতিবার বাড়ির পাশের তামাক ক্ষেতে খড়ি গোছানোর কাজ করতে যান রাসেল। এসময় হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। রাসেলের মরদেহ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাকে দেখতে স্থানীয়দের ভিড় জমে এবং পরিবারের সদস্যরা আহাজারিতে ভেঙে পড়েন।
ঘটনার খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ ২৫ হাজার টাকা ও শুকনো খাবার প্রদান করেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জীবননগরে বজ্রপাতে যুবকের মৃত্যু



