দর্শনা অফিস
দর্শনা পৌরসভার রেলবাজারসহ বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত আলোকসজ্জা ব্যবহার এবং সন্ধ্যা ৭টার পরও দোকান খোলা রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল রবিবার রাতে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন দর্শনার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম। অভিযান চলাকালে তিনি রেলবাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সরকারি নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয় ও জননিরাপত্তার স্বার্থে সরকার নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রাখা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কিছু ব্যবসায়ী তা উপেক্ষা করে রাত পর্যন্ত দোকান খোলা রাখা এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে আলোকসজ্জা চালু রাখেন। এরই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম বলেন, সরকারি নির্দেশনা মানা সকলের জন্য বাধ্যতামূলক। যারা নির্দেশনা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সরকারি নির্দেশনা বাস্তবায়ন সহজ হবে এবং বিদ্যুৎ অপচয় কমে আসবে।
সন্ধ্যার পর দোকান খোলা রাখার অপরাধে দর্শনায় ৩ ব্যবসায়ীকে জরিমানা



