বদরগঞ্জে পিকনিকের টাকা চাওয়াকে কেন্দ্র করে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নর বদরগঞ্জ আলিয়ারপুর গ্রামে পিকনিকের টাকা চাওয়াকে কেন্দ্র করে অভিমানে এক স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শ্রী সুজানকুমার দত্ত (১২) আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়র ষষ্ঠ শ্রেণির ছাত্র। তিনি একই গ্রামের শ্রী অলক কুমার দত্তের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সুজানকুমার পিকনিকের জন্য বাবার কাছে টাকা চায়। এ সময় কম টাকা দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে সে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।
পরিবারের সদস্যরা জানান, কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, সে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। দ্রুত তাকে নামিয়ে আনা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
নিহতের নানি জানান, তিনি সুজানকে গোসল করতে বলে বাইরে যান। পরে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাসানুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহের সৎকার সম্পন্ন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পর মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।