দামুড়হুদায় যুবদল নেতা মিল্টনের দাফন জানাজায় রাজনৈতিক ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের ঢল

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টনের প্রথম নামাজে জানাজা গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।
জানাজায় উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও বিজিএমইএ নেতা মাহমুদ হাসান খাঁন (বাবু) গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, মিল্টনের মতো ভালো ও গুণী কর্মীদের জন্যই বারবার রাজনীতির মাঠে ফিরে আসতে মন চায়। সকাল ১০টায় তাঁর নিজ গ্রাম পাটাচুরায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, “মাহফুজুর রহমান মিল্টন ছিলেন একজন সৎ, মৃদুভাষী ও গুণী মানুষ। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।”
জানাজায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান মিল্টন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম।
এছাড়া জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান ঝন্টু, সাংগঠনিক সম্পাদক রাজিব খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও সোহেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মাহফুজুর রহমান মিল্টনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।