আন্দুলবাড়ীয়া প্রতিনিধি
জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আন্দুলবাড়ীয়া ইউনিয়নে সরাসরি প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সহায়তা ডিজেল কার্ড বিতরণ শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতায় সেচ কাজে ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে এ ডিজেল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। জানা গেছে, ভোর থেকেই হাজার-হাজার কৃষক কার্ড সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করেন।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন-এর নির্দেশনায় এবং জেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন-এর সার্বিক সহযোগিতায় ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আ.ন.ম. মোর্শেদ বিল্লাহর তত্ত্বাবধানে কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা জানান, নিবন্ধিত প্রান্তিক কৃষকদের মধ্যেই এ কার্ড বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, যাদের নিজস্ব পাওয়ার টিলার রয়েছে, তারা এই কার্ডের আওতায় তেল সুবিধা পাবেন না। ডিজেল কার্ড বিতরণ করেন ইসমত আরা সুলতানা বকুল।
এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তপন কুমার, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কৃষকদের দাবি, সঠিকভাবে তদারকি ও স্বচ্ছতার মাধ্যমে এই কার্যক্রম অব্যাহত থাকলে তারা সরাসরি উপকৃত হবেন।
আন্দুলবাড়ীয়ায় কৃষি সহায়তা ডিজেল কার্ড বিতরণ শুরু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কার্ড নিলেন হাজারো কৃষক



