আটকবর প্রতিনিধি
কার্পাসডাঙ্গায় কুতুবপরে গ্রামের তরুণ চুল ব্যবসায়ী ইমন খান (৩০) দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ট্রেন ক্রসিং পার হতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি কুতুবপুর পূর্বপাড়ার আকবর আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে কয়েকদিন আগে ব্যবসার কাজে দিনাজপুর যান ইমন খান। গতকাল শুক্রবার দুপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে একটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। হঠাৎ এমন মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনরা জানান, এমন হৃদয়বিদারক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।
স্থানীয়রা বলেন, ইমন খান ছিলেন ভদ্র, শান্ত স্বভাবের এবং পরিশ্রমী একজন তরুণ ব্যবসায়ী। তার অকাল মৃত্যুতে পুরো কুতুবপুর গ্রামজুড়ে শোকের মাতম বিরাজ করছে।
এদিকে দিনাজপুরে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ চুয়াডাঙ্গার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের মধ্যেই তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাবে। একটি দুর্ঘটনায় নিভে গেল একটি পরিবারের স্বপ্ন।
দিনাজপুরে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল কার্পাসডাঙ্গায় তরুণ ব্যবসায়ী ইমন খানের



