চুয়াডাঙ্গার মোমিনপুর রেলস্টেশনের অদূরে ট্রেনে কেটে মসজিদের খাদেমের মৃত্যু

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের অদুরে  ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামের এক মসজিদের খাদেমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল  ৯টার দিকে মোমিনপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মৃত মুরাদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি মোমিনপুর রেলস্টেশন পার হচ্ছিল । এ সময় রেললাইন পার হওয়ার সময় রমজান আলী অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই ট্রেনে কেটে শরীর থেকে দেহের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (জিআরপি) জগদীশ চন্দ্র বসু জানান, রমজান আলী কৃষিকাজের উদ্দেশ্যে রেললাইন দিয়ে জমিতে যাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনের নিচে পড়ে রমজানের শরীর কয়েকটি খন্ডে বিভক্ত হয়ে পড়ে। খবর পেয়ে নিহতের ছেলে তার স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসে। স্বজনদের কোন দাবি দাওয়া না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুপুরের দিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।