গাংনীতে ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসনের অভিযান

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। বেশ কিছুদিন যাবৎ জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন চালকরা। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে গাংনী উপজেলা প্রশাসন। রবিবার (২৯ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার গোপালনগর গ্রামে অবস্থিত রূপক ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

অভিযান চলাকালে যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও চালকের হেলমেট যাচাই করে জ্বালানি তেল সরবরাহ করতে দেখা যায়। বৈধ কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে তেল নিতে পারায় অনেক চালক স্বস্তি প্রকাশ করেন। এতে ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফিরে আসে।

মোটরসাইকেল চালক রিপন হোসেন জানান, সারাদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেতে সমস্যায় পড়তে হচ্ছে। তবে প্রশাসনের কাগজপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে তেল বিতরণে অনেকের মধ্যে স্বস্তি ফিরেছে।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, বৈধ কাগজপত্র যাচাই করেই তেল নিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনোভাবেই জ্বালানি তেল দেওয়া হবে না। পাশাপাশি কেউ যেন অবৈধভাবে তেল মজুদ করতে না পারে, সে বিষয়ে প্রশাসন মাঠে তৎপর রয়েছে।

তিনি আরও জানান, জনভোগান্তি কমাতে এবং সুষ্ঠুভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।