এক রাতেই শেষ কৃষকের স্বপ্নের বাগান জীবননগরে ১৩০০ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

জীবননগর অফিস
জীবননগর উপজেলার পেয়ারাতলা গোরস্থান মাঠে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের ড্রাগন ফলের বাগানের প্রায় ১ হাজার ৩০০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছগুলো গোড়া থেকে কেটে দেয় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক মো. রিপন মুন্সি, পেয়ারাতলা গ্রামের গোলাম রসুলের ছেলে। তিনি জানান, দীর্ঘ চার বছর ধরে যত্ন করে গড়ে তোলা তার ড্রাগন বাগান এক রাতেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এতে তার আনুমানিক পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। বাগানের কর্মচারী মতিন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাগানে এসে দেখা যায়, প্রায় ১২-১৩ কাঠা জমির সব গাছ গোড়া থেকে কাটা। পুরো বাগান নষ্ট হয়ে গেছে।
রিপন মুন্সির অভিযোগ, ঘটনার কয়েক দিন আগে পেয়ারাতলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের ফারুকের ছেলে সাব্বির তাকে হুমকি দিয়েছিল। সাব্বির দাবি করেছিল, রিপন তার মামা নাজমুলকে আটকে রেখেছে এবং এর ফল ভোগ করতে হবে। নাজমুল বাকা মাঠপাড়ার শহিদুল দেওয়ানের ছেলে। টাকা লেনদেন সংক্রান্ত একটি ঘটনায় তাকে আটক করা হলেও পরে পরিবারের সদস্যরা জামিনে ছাড়িয়ে নেয়। ওই ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে বাগান কেটে নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন রিপন মুন্সি।
তিনি আরও বলেন, প্রায় ২০ বিঘা জমিতে ড্রাগনসহ বিভিন্ন ফলের বাগান করেছেন তিনি। এসব বাগানে প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন শ্রমিক কাজ করেন। এই বাগানের ওপর অনেক পরিবারের জীবিকা নির্ভরশীল। শুধু আর্থিক ক্ষতিই নয়, দীর্ঘদিনের পরিশ্রমও নষ্ট হয়ে গেছে বলে তিনি জানান।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, এ ঘটনায় জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছে এবং সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।