জীবননগরে সড়কে চাঁদাবাজির সময় দুই ভুয়া ডিবি পুলিশকে গণধোলাই

জীবননগর অফিস
জীবননগরে ডিবি পুলিশ পরিচয়ে সড়কে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দুই ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে স্থানীয় জনগণ। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের চেংড়িখালী ব্রীজের নিকট এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একটি রেজিস্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেল রাস্তার পাশে রেখে ভ্যান, রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে নগদ টাকা আদায় করছিল। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা এগিয়ে গিয়ে দুইজনকে ডিবি পুলিশের জ্যাকেট (কটি) পরা অবস্থায় আটক করে।
এ সময় স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে পরে জীবননগর থানা পুলিশের হাতে তুলে দেয়। তবে তাদের সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক দুই ব্যক্তি হলেন ঝিনাইদহ সদর থানার গাবতলা পাড়ার আক্কাস আলীর ছেলে আহাদ (৩৫) এবং কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়ার ইউসুফ আলীর ছেলে রিজভী সালমান (২৯)।
জীবননগর থানা সূত্রে জানা গেছে, ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগে তাদের আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।